চালক ও হেলপার আটক
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
পটিয়া উপজেলার কমলমুন্সিরহাট এলাকায় লবণবোঝাই একটি ট্রাক থেকে ৪৮ হাজার পিস ইয়াবাসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—ট্রাকের চালক মোহাম্মদ মাসুম মিয়া ও হেলপার আলো হোসেন।
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান জানান, কক্সবাজার থেকে ইয়াবার চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে পটিয়া উপজেলার কমলমুন্সিরহাট এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় লবণবোঝাই একটি ট্রাক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তল্লাশি করা হয়। তল্লাশির পর ট্রাকে লুকানো ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা। আটক দুই মাদক চোরাকারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কুমিল্লায় ১০ হাজার পিস
ইয়াবাসহ আটক ২
কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লায় ১০ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ট্রাকচালক জুয়েল মিয়া (২৮) ও হেলপার সাইফুল ইসলাম ওরফে জব্বার (৩০)। জেলা ডিবির ওসি আন্ওয়ারুল আজিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে ঢাকাগামী একটি খোলা কার্গো ট্রাককে ব্যারিকেট দিয়ে আটক করে। পরে তল্লাশি করে ট্রাকের কেবিন থেকে একটি পলিথিন ব্যাগে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি বান্ডিল থেকে মোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করাসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় দুপুরে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।