শ্যামলেন্দু পাল, নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় বোরো ধান কাটা প্রায় শেষ। আগাম বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ না থাকার সঙ্গে ১৫৫টি কম্বাইন্ড হারভেস্টার দিয়ে জমির ধান কাটায় দ্রুততর সময়ে ধান কাটা সম্ভব হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। অন্যদিকে কোনো রকম ক্ষতি ছাড়াই সবটুকু ধান ঘরে তুলতে পারায় খুশি কৃষকরা। নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর জেলায় ১ লাখ ৮৪ হাজার ৯৮৩ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। জেলায় মোট উত্পাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৬৪ হাজার ৪৯৩ মেট্রিক টন চাল।
নরপুর বোয়ালী গ্রামের কৃষক শামসুজ্জামান বলেন, মেশিনের মাধ্যমে এক হেক্টর জমির ধান কাটা, জমি থেকে ধান বাড়িতে আনা, মাড়াই এবং বস্তায় ভরা পর্যন্ত অর্ধেক খরচ হয়েছে। নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান বলেন, ১৫৫টি হারভেস্টার মেশিন দিয়ে বোরো ধানের ৬০ ভাগ কর্তন করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত বলেন, এবার যথাসময়ে বাঁধ নির্মাণ হওয়ায় আগাম বন্যায় ফসলের কোনো ক্ষতির আশঙ্কা ছিল না। তবে আগামী বছরে আরো দ্রুত বাঁধগুলো সংস্কার এবং প্রয়োজনীয় স্থানে নতুন বাঁধ নির্মাণে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, এ বছর নেত্রকোনা জেলায় ১৫৫টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বরাদ্দ দেওয়া হয়। মেশিনগুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে মাঠে বোরো ধান কর্তন করছে। হাওরের এলাকার ধান ইতিমধ্যে প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে।