দেশে গত এক দিনে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে আরো ৪০ জনের মৃত্যু হয়েছে। যা গত দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে ৯ মে ৫৬ জনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ১৬ দিনের মধ্যে কেবল ১২ মে ৪০ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বাকি দিনগুলোতে এই সংখ্যা ৪০ এর নিচেই ছিল। এদিকে গত এক দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৭৫ জন। এক দিনে মৃত্যুর এ সংখ্যা এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল ৭ মে, সেদিন ১ হাজার ৬৮২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার কথা জানানো হয়েছিল।
মঙ্গলবার সকাল পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনা ভাইরাসে দেশে এ পর্যন্ত ১২ হাজার ৪৪১ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জন। সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে এক দিনে আরো ১ হাজার ২৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩২ হাজার ৮১০ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৮৬টি ল্যাবে ১৭ হাজার ৬৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৮ লাখ ৩৮ হাজার ২৯৫টি নমুনা। মঙ্গলবার নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১০ দশমিক ০৮ শতাংশ।