শারীরিক অবস্থার অবনতি

বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ?পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি হয়েছেন। গত কয়েক দিন ধরেই তিনি অসুস্থ। তারপরও হাসপাতালে ভর্তি হতে রাজি হচ্ছিলেন না। এজন্য বাড়িতেই তার চিকিত্সা চলছিল। সোমবার রাত থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। শরীরে অক্সিজেনের মাত্রা কমে ৮২ শতাংশে দাঁড়ায়। এরপরই গতকাল মঙ্গলবার তাকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করতে হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত বুদ্ধদেবের শারীরিক অবস্থা স্থিতিশীল। ফুসফুসেও কিছু সমস্যা রয়েছে। তার চিকিত্সায় ছয় সদস্যের মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। সিটি স্ক্যানও করানো হয়েছে বুদ্ধদেবের। বেশ কিছু রক্ত পরীক্ষাও করা হয়েছে। ঐ সব পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই তার শারীরিক অবস্থা সম্পর্কে স্পষ্ট করে বলা সম্ভব হবে। 

উল্লেখ্য, বুদ্ধদেব ভট্টাচার্যের দীর্ঘদিন ধরে সিওপিডির সমস্যা রয়েছে। বাইপ্যাপের মাধ্যমে অক্সিজেন নিতে হয়। এজন্য বেশ কিছুদিন ধরেই তিনি বাড়ির বাইরে বের হতে পারেন না। গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ভোটও দিতে পারেননি তিনি।