সিনিয়র সিটিজেনদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি এলডিপির

মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্রের দিকে দীর্ঘ পথযাত্রায় দেশের সিনিয়র বা প্রবীণ নাগরিকদের জন্য আসন্ন জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপির একাংশের সভাপতি আব্দুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই প্রস্তাব করেন। এলডিপির নেতৃদ্বয় বলেন, দেশে যে ১৫-১৮ লাখ মানুষ প্রত্যক্ষভাবে আয়কর দিয়ে থাকেন, সেই আয়কর দেওয়ার পেছনে তাদের ব্যক্তিগত বা সামাজিক প্রণোদনা কী? শুধুমাত্র নিবর্তনমূলক একটি ব্যবস্থার মাধ্যমে বাধ্যবাধকতাই কর আদায়ের মূল ভিত্তি হলে করদাতার সংখ্যা ও করের পরিমাণ বৃদ্ধি একটা জায়গায় চিরদিনই আটকে থাকবে। বরং করের বিনিময়ে রাষ্ট্র করদাতাদের কী সেবাসহায়তা নিশ্চিত করছে বা করদাতার কর দেওয়ার পেছনে অন্য কোনো প্রণোদনা সৃষ্টি করা যায় কি না, তা নিয়ে রাষ্ট্র ও সরকারকে এখনই ভাবা উচিত।

তারা বলেন, সামাজিক নিরাপত্তার জন্য করব্যবস্থার সঙ্গে সিনিয়র সিটিজেনদের জন্য আজীবন পেনশন বা বিশেষ প্রণোদনার বিষয়টি বিবেচনায় নিতে পারে সরকার।