সিরিজ জিতে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

পরাক্রমশালী ভারত, পাকিস্তান ধরাশায়ী হয়েছিল কয়েক বছর আগে। সুযোগ আসলেও  দ্বীপদেশ শ্রীলঙ্কাকে কাবু করা যায়নি। অবশেষে প্রিয় ফরম্যাট ওয়ানডেতে শ্রীলঙ্কাকে প্রথমবার সিরিজ হারানোর গৌরব অর্জন করল বাংলাদেশ।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল বৃষ্টিবিঘ্নিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডিএল মেথডে শ্রীলঙ্কাকে ১০৩ রানে পরাজিত করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে এক ম্যাচ আগেই ২-০ তে সিরিজ জিতল তামিম ইকবালের দল। আগামী ২৮ মে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

এই জয়ের মাধ্যমে টাইগারদের অর্জনে যুক্ত হলো নতুন পালক। ২০২৩ বিশ্বকাপের কোয়ালিফিকেশন টুর্নামেন্ট আইসিসির ওডিআই সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল বাংলাদেশ। ১৩ দলের টুর্নামেন্টে ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়াকে টপকে এখন সবার ওপরে টাইগাররা। ৮ ম্যাচে ৫ জয়ে বাংলাদেশের পয়েন্ট ৫০। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শহীদুল ইসলাম।

গতকাল আগে ব্যাট করে মুশফিকের সেঞ্চুরির পরও ৪৮.১ ওভারে ২৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা ৩৮ ওভারে ৯ উইকেটে ১২৬ রান তুলতেই বৃষ্টি নামে। ডিএল মেথড তাদের টার্গেট দাঁড়ায় ৪০ ওভারে ২৪৫ রান। ৯ উইকেটে ১৪১ রান তুলতে সমর্থ হয় সফরকারীরা। সেঞ্চুরিয়ান মুশফিক ম্যাচসেরা হন।

রান তাড়া করতে নেমে মিরাজ-মুস্তাফিজদের বোলিংয়ের সামনে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। ইনিংস জুড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দলটি। গুণাথিলাকা ২৪, কুশল পেরেরা ১৪, নিশাঙ্কা ২০, কুশল মেন্ডিস ১৫, ধনাঞ্জয়া ১০, উদানা অপরাজিত ১৮ রান করেন। বাংলাদেশের মিরাজ ও মুস্তাফিজ ৩টি করে, সাকিব ২টি এবং শরীফুল ১টি উইকেট পান। সাইফউদ্দিনের কনকাশন-সাব হিসেবে খেলতে নামা তাসকিন উইকেটশূন্য ছিলেন।

এর আগে মিঠুন-তাসকিনকে বসিয়ে বাংলাদেশের একাদশে সুযোগ দেওয়া হয় মোসাদ্দেক, শরীফুলকে। ১৩৬তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয় শরীফুলের। দুশমন্থ চামিরার করা দ্বিতীয় ওভারে চাপে পড়ে টসজয়ী বাংলাদেশ। দলীয় ১৫ রানে চার বলের মধ্যে তামিম (১৩), সাকিব (০) ফিরেন এলবির ফাঁদে পড়ে। লিটন (২৫), মোসাদ্দেক (১০) ফিরলে ৭৪ রানে ৪ উইকেট হারায় টাইগাররা। পঞ্চম উইকেটে মুশফিক-মাহমুদউল্লাহর ৮৭ রানের জুটি পথ দেখায় বাংলাদেশকে। মাহমুদউল্লাহ ৪১ রান করে আউট হলেও একপ্রান্তে অবিচল ছিলেন মুশফিক।

আফিফ (১০), মিরাজও (০) সঙ্গ দিতে পারেননি অভিজ্ঞ এ ব্যাটসম্যানকে। দুই দফা বৃষ্টির বাধা ঠেলে ৪৫তম ওভারে চামিরাকে চার মেরে ১১৪ বলে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন তিনি। অষ্টম উইকেটে সাইফউদ্দিনের সঙ্গেও ৪৮ রানের জুটি গড়েন তিনি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১২৭ বলে ১২৫ রানের (১০ চার) দায়িত্বশীল ইনিংস খেলেন মুশফিক। শ্রীলঙ্কার পক্ষে চামিরা-সান্দাকান ৩টি করে, উদানা ২টি, হাসারাঙ্গা ১টি উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৪৮.১ ওভারে ২৪৬

শ্রীলঙ্কা: ৪০ ওভারে ১৪১/৯

ফল: বাংলাদেশ ডিএল মেথডে ১০৩ রানে জয়ী