অর্থ পাচারসহ দুর্নীতির মামলায় ব্যাংক হিসাবসহ সম্পত্তি জব্দের আদেশের বিরুদ্ধে পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এ কে এম আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে খুরশীদ আলম খান ও আউয়াল দম্পতির পক্ষে আওসাফুর রহমান বুলু শুনানি করেন। দুদক কৌঁসুলি জানান, মানি লন্ড্রারিং আইনে বিশেষ জজ আদালতের আদেশের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। কিন্তু তারা ৭৭ দিন পর আপিল করেছেন। এ কারণে হাইকোর্ট সরাসরি আপিল খারিজ করে দিয়েছে। এর ফলে আউয়াল দম্পতির ব্যাংক হিসাবসহ সম্পত্তি জব্দই থাকছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে আউয়াল দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলায় ঢাকার বিশেষ জজ আদালত আউয়াল দম্পতির ব্যাংক হিসাব ও সম্পত্তি জব্দের আদেশ দেয়। এর বিরুদ্ধে আপিল করেন তারা।