ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল মানিকগঞ্জের পদ্মা-যমুনা। যার ফলে সীমিতভাবে ফেরি চলাচল করছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে। বুধবার (২৬ মে) সকাল ১১টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে মানিকগঞ্জের পদ্মা-যমুনা নদীতে ঢেউ বাড়ছে। দুর্ঘটনা এড়াতে সীমিতভাবে ফেরি চলাচল করছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে। নৌরুট দুইটিতে ছোট বড় মিলে মোট ২০টি ফেরি থাকলেও জরুরি যানবাহন পারাপারের জন্য ২/৩টি ফেরি চলাচল করছে। ফেরি চলাচল সীমিত হয়ে যাওয়ায় নৌরুট এলাকায় অপেক্ষমাণ যানবাহনের সারি বাড়ছে।
অবস্থা প্রতিকূল মনে হলে জানমাল রক্ষার স্বার্থে যে কোন সময় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে বলেও মন্তব্য করেন জিল্লুর রহমান।
ইত্তেফাক/জেডএইচডি