কুমিল্লায় পূর্ব বিরোধের জের ধরে মনির ফরাজী নামে স্থানীয় এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করতে এসে জনগণের ধাওয়া খেয়ে সায়েম হোসেন নামে এক সন্ত্রাসী অস্ত্র ফেলে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পিস্তলটি উদ্ধার করে।
এ ঘটনায় বুধবার (২৬ মে) সকালে যুবলীগ নেতা মনির ফরাজী বাদী হয়ে তাকে হত্যা চেষ্টার অভিযোগে সায়েম হোসেনকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেছেন। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর দক্ষিণ উপজেলার টঙ্গিরপাড় গ্রামের আবুল হাসেমের ছেলে সায়েম হোসেন (৩৫) চট্টগ্রাম নগরীতে বসবাস করেন। সম্প্রতি তিনি বাড়িতে আসার পর একই গ্রামের আবদুল খালেকের ছেলে এবং ওই উপজেলার চৌয়ারা ইউনিয়ন যুবলীগ নেতা মনির ফরাজীর সাথে বিরোধের সৃষ্টি হয়।
মঙ্গলবার রাতে মনির ফরাজী পার্শ্ববর্তী পিপুলিয়া বাজারে গেলে সেখানে তাকে হত্যার উদ্দেশ্যে সায়েম হোসেন তার সাথে থাকা পিস্তল বের করে গুলি করে হত্যার চেষ্টা চালায়। এ সময় সে চিৎকার করলে বাজারের লোকজন এগিয়ে এসে সায়েম হোসেনকে ধাওয়া করে। এতে সায়েম তার হাতে থাকা পিস্তলটি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে রাতে সদর দক্ষিণ মডেল থানার এসআই খাদেমুল বাহার ঘটনাস্থল থেকে পিস্তলটি উদ্ধার করেন।
সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, ‘সন্ত্রাসী সায়েমের বিরুদ্ধে থানায় হত্যা চেষ্টা ও অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।
ইত্তেফাক/এমআর