ভারতে সাড়ে ১১ হাজারের বেশি ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত

ভারতে এখন পর্যন্ত ১১ হাজার ৭১৭ জন ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত হয়েছে। এ রোগের প্রাদুর্ভাব বেশি গুজরাট, মহারাষ্ট্র ও অন্ধ্র প্রদেশে। বুধবার (২৬ মে) এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রে ব্ল্যাক ফাঙ্গাস রোগী পাওয়া গেছে দুই হাজার ৭৭০ জন, গুজরাটে দুই হাজার ৮৫৯ জন এবং অন্ধ্রে শনাক্ত হয়েছে ৭৬৮ জন।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) ব্ল্যাক ফাঙ্গাস সম্পর্কে বলেছে, এটি একটি ছত্রাকের সংক্রমণ যা "প্রধানত এমন লোকজনকে প্রভাবিত করে যারা মেডিকেল সমস্যায় ভূগছেন এবং তাদের পরিবেশগত প্যাথোজেনগুলির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা হ্রাস করে।" চোখ বা নাকের চারপাশে ব্যথা এবং লালভাব, জ্বর, মাথা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট, রক্তাক্ত বমি এবং পরিবর্তিত মানসিক অবস্থা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসে কয়েকটি লক্ষণ।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ডায়াবেটিসের রোগীদের সবসময় তাদের ব্লাড সুগার লেভেল নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি স্টেরয়ডের অপব্যবহার এড়িয়ে চলতে হবে।

ইত্তেফাক/এসএ