দুই মোটরসাইকেলে সংঘর্ষ এক চালক নিহত

  ইত্তেফাক রিপোর্ট

রামপুরার হাজীপাড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে পোশাক কারখানার এক কর্মী নিহত হয়েছেন। তার নাম আনোয়ার হোসেন। গতকাল সকালে হাজীপাড়া পেট্রোল পাম্পের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার চট্টগ্রাম জেলার বোয়ালখালি উপজেলার খিজিরপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। জানা গেছে, তেজগাঁওয়ে আরমানা অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় মেকানিকের কাজ করতেন আনোয়ার। মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। হাতিরঝিল থানার এসআই এনামুল হক জানান, দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই চালকই ছিটকে পড়লে আনোয়ার আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।