শান্তিময় পৃথিবী কামনায় বুদ্ধপূর্ণিমা উদ্যাপিত

  ইত্তেফাক রিপোর্ট

শান্তিময় পৃথিবী কামনায় গতকাল বুধবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উত্সব বুদ্ধপূর্ণিমা উদ্যাপিত হয়েছে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, সিদ্ধিলাভ আর মহাপরিনির্বাণ ত্রিযোজনার দিনটি করোনার কারণে অনাড়ম্বরভাবে সারা দেশে  উদ্যাপন করেছে এই ধর্মের অনুসারীরা। বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে দিনটি  ছিল সরকারি ছুটির দিন। এ উপলক্ষ্যে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি পৃথক বাণী দেন।বাণীতে তারা বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীকে মৈত্রীময় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিএনপি শুভেচ্ছা জানানো ছাড়াও ভার্চুয়াল আলোচনাসভার আয়োজন করে। বৌদ্ধরা বুদ্ধপূজাসহ পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা এবং নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেন। তারা বুদ্ধানুস্মৃতি ও সংঘানুস্মৃতি ভাবনা করে। বিবিধ পূজা ও আচার-অনুষ্ঠানের পাশাপাশি বিবিধ সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বৌদ্ধবিহারগুলোতে বুদ্ধের মহাজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনাসহ ধর্মীয় সভার আয়োজন করা হয়। দিনভর বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটি পালন করে থাকলেও বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এবার এ উত্সবটি অনাড়ম্বরভাবে উদ্যাপন করা হয়েছে। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, বুড্ডিস্ট ফেডারেশন, বুড্ডিস্ট ইয়ুথ ফোরাম, বুড্ডিস্ট কালচারাল অ্যাসোসিয়েশন প্রভৃতি সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।