আবারো আইসিইউতে চিত্রনায়ক ফারুক

 বিনোদন রিপোর্ট

 

বরেণ্য অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন আছেন। মাঝে কয়েকদিন তাকে কেবিনে হস্তান্তর করা হয়েছিল, তবে আবার তাকে আইসিইউতে রাখা হয়েছে। এখন সেখানে রেখেই চিকিত্সা চলছে তার। নায়ক ফারুকের স্ত্রী ফারহানা ফারুক পাঠান গতকাল বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাঝে দুদিন শুধু কেবিনে রেখে চিকিত্সা করা হয়েছিল। পরে তার জ্বর এলে আবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি। দোয়া ছাড়া আর কিছুই করার নেই।’

উল্লেখ্য, নায়ক ফারুক গত ৪ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। ফারুক এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমণি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে ইত্যাদি।