ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র

গাজায় সহায়তার ঘোষণা, জেরুজালেমে কনস্যুলেট চালুর আশ্বাস

­বিবিসি, রয়টার্স ও আলজাজিরা

ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। জেরুজালেমে পুনরায় কনস্যুলেট চালুর মাধ্যমে এই সম্পর্ক পুনরুদ্ধারের কাজ শুরু হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। গত মঙ্গলবার রামাল্লায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

পশ্চিম তীরে ফিলিস্তিনি নেতাদের সঙ্গে সাক্ষাতের পর ব্লিংকেন বলেন, জেরুজালেমে যুক্তরাষ্ট্র তাদের কনস্যুলেট জেনারেল পুনরায় চালু করবে। ইসরাইল-ফিলিস্তিনের মধ্যকার যুদ্ধবিরতির পর মঙ্গলবার পশ্চিম তীর সফরে গিয়ে এমন ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যদিও কবে কনস্যুলেটটি পুনরায় চালু হচ্ছে সে ব্যাপারে নির্দিষ্ট কোনো দিন-তারিখের কথা বলেননি তিনি।

এর আগে স্বায়ত্তশাসিত ঐ কনস্যুলেট দীর্ঘদিন ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক রক্ষার দায়িত্ব পালন করে আসছিল, কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐ কনস্যুলেটের কার্যক্রম বন্ধ করে দেন। ট্রাম্প প্রশাসন জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার দুই বছর পর ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করে শহরটিতে থাকা মার্কিন কনস্যুলেটকে দূতাবাসের সঙ্গে একীভূত করে ফেলে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে ফিলিস্তিনিরা অত্যন্ত ক্ষুব্ধ হয়। প্রেসিডেন্ট বাইডেন তার পূর্বসূরির ঐ পদক্ষেপ এখন পর্যন্ত পালটাতে না চাইলেও ফিলিস্তিনিদের সঙ্গে সম্পর্ক ভালো করার উদ্যোগ নিয়েছেন।

একই সঙ্গে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত গাজা পুনর্গঠনে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন ব্লিনকেন। তিনি বলেন, জরুরি দুর্যোগ ত্রাণ হিসেবে গাজার জন্য ৫৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র এবং ৩ কোটি ২০ লাখ ডলার সহায়তা দেওয়া হবে সেখানকার জাতিসংঘের ফিলিস্তিনি সহায়তা সংস্থাকে। এছাড়া ২০২১ সালে ফিলিস্তিনিদের জন্য উন্নয়ন ও আর্থিক সহায়তা হিসেবে অতিরিক্ত সাড়ে সাত কোটি ডলার সহায়তা দেওয়ারও ঘোষণা দেন ব্লিনকেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মিশরের মধ্যস্থতায় গত শুক্রবার হামাস ও ইসরাইলের মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হয়। এর আগে ১১ দিন ধরে গাজায় বিমান হামলা ও গোলাবর্ষণ করে ইসরাইল। পালটা পদক্ষেপে ইসরাইলের বিভিন্ন শহরে রকেট হামলা চালায় হামাস। এই সংঘাতে প্রায় ২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৬৬ জনই শিশু। হামাসের রকেট হামলায় ১২ ইসরাইলি নিহত হয়েছে।