বিশ্ববাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ সুয়েজ খাল প্রায় এক সপ্তাহ আটকে রাখায় জাপানি জাহাজ এভার গিভেনের জন্য নির্ধারিত ক্ষতিপূরণ প্রায় অর্ধেকটাই কমিয়ে দিয়েছে মিশর। গত মঙ্গলবার সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রধান ওসামা রাবি এ তথ্য নিশ্চিত করেছেন। সিনহুয়া
এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, গত মার্চে অন্তত ছয় দিন খাল আটকে রাখার ঘটনায় এভার গিভেনের কাছে ৯১ কোটি ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল। কিন্তু জাহাজে থাকা মালামালের আর্থিক মূল্য বিবেচনায় ক্ষতিপূরণের অঙ্ক ৪০ শতাংশ কমিয়ে ৫৫ কোটি ডলার করা হয়েছে। গত এপ্রিলে এভার গিভেন কর্তৃপক্ষকে ৯১ কোটি ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মিশরের একটি আদালত। এ বিষয়ে সুয়েজ প্রধান বলেন, জাহাজে থাকা পণ্যের মূল্য ২০০ কোটি ডলার অনুমান করে ঐ আদেশ দিয়েছিলেন আদালত। কিন্তু জাহাজের মালিকপক্ষ জানিয়েছে, তাদের পণ্যের আনুমানিক মূল্য ৭৭ কোটি ৫০ লাখ ডলার। আমরা এটি মেনে নিয়ে ক্ষতিপূরণের পরিমাণ ৫৫ কোটি ডলারে নামিয়ে এনেছি।
গত ২৩ মার্চ সুয়েজ খাল ধরে এগোনোর সময় দুর্ঘটনার মুখে পড়ে এভার গিভেন। প্রবল ধূলিঝড় ও জোরালো বাতাসে জাহাজটির মুখ ঘুরে গিয়ে খালের মধ্যে আড়াআড়িভাবে আটকে যায়। এর ফলে সাড়ে ৩০০-এর বেশি মালবাহী জাহাজ খালের দু্ই দিকে আটকা পড়ে। এতে দৈনিক এক থেকে দেড় কোটি ডলারের রাজস্ব হারাতে হয়েছে বলে দাবি সুয়েজ কর্তৃপক্ষের।