পিস্তল কোচ থাকবেন ২০২৪ সাল পর্যন্ত

স্পোর্টস রিপোর্টার

পিস্তল কোচ হিসাবে দক্ষিণ কোরিয়ার কিম ইল ইয়ংয়ের সঙ্গে বাংলাদেশের শুটিং স্পোর্টস ফেডারেশনের মধ্যে চুক্তি হয়েছে। এই কোচ ২০২৪ সাল পর্যন্ত পিস্তল শুটারদের প্রশিক্ষণ দেবেন। সিনিয়রদেরই নয় এই কোরিয়ান জুনিয়রদের নিয়েও কাজ করবেন। এমনই কথা হয়েছে বলে গতকাল ফেডারেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়।

কোচ কিম ইল ইয়ং নতুন নন। এর আগেও বাংলাদেশে কাজ করেছেন। ২০১৬ সালে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন তিনি। দুই-তিন মাস থেকে চলে যান। দ্বিতীয়বার ২০১৮ সালে। ছিলেন ২০১৯ এসএ গেমস পর্যন্ত। এসএ গেমস শুটিংয়ে পদক এনে দিতে পারেননি তার কোচিংয়ে থাকা শুটাররা। তার পরও কিং ইল ইয়ংয়ের ওপর আস্থা ফেডারেশনের। সাফল্য পেতে লম্বা সময়ের জন্য চুক্তি করা হয়েছে। কাল আবার সেই প্রতিশ্রুতি দিয়ে বললেন, ‘এখানে ট্যালেন্ট শুটার প্রচুর। সেখান থেকে বাছাই করে সেরা শুটারকে তুলে আনব।’

পিস্তল কোচ হলেও রাইফেল ইভেন্টের কোচ কবে আসবে—আবার সেই পুরোনো কথাই বললেন ফেডারেশন কর্তা। আর্থিক সীমাবদ্ধতা। সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ জানিয়েছেন পিস্তল কোচের বেতনটা আগস্ট পর্যন্ত বিওএ দেবে। পরের সময়ের জন্য স্পন্সর খুঁজতে হবে।