গাজনার বিলে খননকৃত ক্যানেলে পানি কম

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরের গাজনার বিলে ক্যানেল খনন করা হলেও সেখানে তেমন পানি নেই। ফলে চলতি শুষ্ক মৌসুমে বিল প্রায় পানিশূন্য হয়ে পড়েছে। সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবর রহমান বাদশা বলেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বিলে সারা বছর পানি রাখার লক্ষ্যে ২০০ কোটি টাকা ব্যয়ে বিলের মধ্যে ক্যানাল খনন করা হয়। কিন্তু খননের এক বছর যেতে না যেতেই শুষ্ক মৌসুমে ঐ ক্যানেলও প্রায় পানিশূন্য হয়ে পড়ছে। এতে ক্যানেল কোনো কাজে আসছে না। এ ব্যাপারে বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, আমি এখানে যোগদানের আগেই ক্যানেল খননের কাজ শেষ হয়েছে। সে কারণে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারছি না।