জয়পুরহাট প্রতিনিধি
প্রচণ্ড দাবদাহে জয়পুরহাটে বেড়েছে তালের শাঁসের কদর। গ্রামাঞ্চল থেকে তালের শাঁস সংগ্রহ করে জেলা শহরের রাস্তার পাশে ও অলিগলিতে বিক্রি করছেন ব্যবসায়ীরা। বিক্রেতা মোকলেস মিয়া জানান, প্রকারভেদে প্রতি পিস তালের শাঁস তিন-চার টাকায় কিনে বিক্রি করছেন পাঁচ-সাত টাকায়। আরেক বিক্রেতা ফরিদ হোসেন জানান, গরম বাড়ায় প্রতিদিন গড়ে ২০০-৩০০ তালের শাঁস বিক্রি হচ্ছে। ক্রেতা রফিকুল ইসলাম জানান, সাত টাকা দামের ১০টি তালের শাঁস কিনেছেন বাসায় নিয়ে যাওয়ার জন্য। শিশু বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মানিক জানান, তালের শাঁসের অনেক উপকারিতা। তবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে না খেলে নানা রোগের ঝুঁকি থাকে।