পাকুন্দিয়ায় কলেজছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের দণ্ড

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

পাকুন্দিয়ায় মঙ্গলবার বিকালে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির দায়ে শফিকুল ইসলাম হীরা (২৪) নামের এক যুবককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুত্ফর রহমান এ দণ্ড দেন। শফিকুল ইসলাম হীরা উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের চরপাড়া গ্রামের মিছবাহ উদ্দিনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের চরপাড়া গ্রামের ঐ কলেজছাত্রীকে রাস্তায় প্রায়ই উত্ত্যক্ত করত শফিকুল ইসলাম। মঙ্গলবার ঐ ছাত্রী বাড়িতে গোসল করছিল। এ সময় কৌশলে সেখানে গিয়ে তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করে। তার চিত্কারে বাড়ির লোকজন আসে, শফিকুলকে আটক করে পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোষীসাব্যস্ত হওয়ায় অভিযুক্ত শফিকুল ইসলামকে ঐ দণ্ড দেওয়া হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুত্ফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্লীলতাহানি করে যৌন হয়রানির অপরাধে ঐ যুবককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।