মুলাদীতে বিদ্যুত্স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

মুলাদীতে বুধবার সকালে পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শফিকুল ইসলাম (৫০)। তিনি ভোলা জেলার শিবপুর গ্রামের মধু মিয়ার ছেলে। ঠিকাদার মিজানুর রহমানের অধীনে গভীর নলকূপ স্থাপনের কাজ করতেন তিনি। সহকর্মীরা জানান, উপজেলার গাছুয়া ইউনিয়নের সোহেল মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ঐদিন বৈদ্যুতিক পাম্পে বিদ্যুত্ সংযোগ দেওয়ার সময় শফিকুল ইসলাম বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তারের সঙ্গে আটকে যান। তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরীতে বিদ্যুত্স্পৃষ্টে

এক ব্যক্তির মৃত্যু

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, নাগেশ্বরীতে মঙ্গলবার বিকালে অসুস্থ নানিশাশুড়িকে দেখতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে মারা গেছেন নাতি জামাই। নিহতের নাম সাইদুল ইসলাম। তিনি পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার বড়ভিটা বড়লই গ্রামের আব্দুল মোমেনের ছেলে। উপজেলার নেওয়াশী ইউনিয়নের ফকিরেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, সাইদুল ইসলাম অসুস্থ নানিশাশুড়িকে দেখতে ফকিরেরহাট এলাকায় নানা ছকর উদ্দিনের বাড়িতে যান। এ সময় বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নেওয়াশী ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার এর সত্যতা নিশ্চিত করেন।