ইত্তেফাক রিপোর্ট
পণ্যের মানোন্নয়ন ও অ্যাক্রেডিটেশন নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ভিত্তিক কর্মসূচি গ্রহণ করতে হবে। পণ্যের রপ্তানি বাড়াতে হলে স্ট্যান্ডার্ডাইজেশন নিশ্চিত করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। মঙ্গলবার, আইএফসি-বিশ্বব্যাংক গ্রুপের সহায়তায় বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) আয়োজিত ‘আইডেন্টিফাইং দ্য চ্যালেঞ্জেস অ্যান্ড মেজারিং গ্যাপস অব প্রেজেন্ট স্ট্যান্ডার্ডাইজেশন ক্যাপাবিলিটি ইন বাংলাদেশ ফর এক্সপোর্ট পটেনশিয়াল প্রোডাক্টস’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে বক্তারা এ কথা বলেন। সংলাপে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফেরদৌস আরা বেগম। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক বাজারে সফল ও প্রতিযোগী রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য বৈদেশিক বাজারের মানসংক্রান্ত কঠোর শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। যার জন্য বৈদেশিক বাজারের চাহিদা মেটাতে স্ট্যান্ডার্ডে নির্ধারিত টেকনিক্যাল রেগুলেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থার নির্ধারিত টেকনিক্যাল রেগুলেশন সম্পর্কিত হালনাগাদ তথ্য খুবই গুরুত্বপূর্ণ। সার্কের আওতাধীন সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের সাবেক মহাপরিচালক ড. সৈয়দ হুমায়ুন কবির সংলাপে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তার উপস্থাপনায় সম্ভাব্য রপ্তানি পণ্যের (পিইপি) স্ট্যান্ডার্ড নির্ধারণের গুরুত্ব তুলে ধরা হয়। এসব পণ্যের বর্তমান বিএসটিআই স্ট্যান্ডার্ডে যেসব ঘাটতি রয়েছে তা তিনি তুলে ধরেন এবং প্লাস্টিক, লেদার ও লেদার পণ্য, হালকা প্রকৌশলসহ বেশ কিছুসংখ্যক পণ্যের আন্তর্জাতিক মান বিষয়ে তিনি আলোকপাত করেন। সংলাপে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ার বলেন, পণ্যের স্ট্যান্ডার্ডাইজেশন ও সার্টিফিকেট প্রদানের জন্য ৯০টি ল্যাবরেটরি স্থাপনে এবং আরো ১০টি জেলায় লজিস্টিকস অবকাঠামো নির্মাণ করতে দুটি প্রকল্প গ্রহণ করেছে বিএসটিআই। খুব শিগিগর এ প্রকল্পগুলোর কাজ সম্পন্ন হবে। তিনি বলেন, একটি আন্তর্জাতিক মানের সম্পূর্ণ অ্যাডাপটেশনে যেখানে ছয় মাস সময়ের প্রয়োজন হয়, সেখানে একটি পণ্যের স্ট্যান্ডার্ড নির্ধারণে সময় লাগে তিন বছরের বেশি। যার ফলে সময়ের দিক থেকে পণ্যের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অ্যাডাপটেশন নতুন স্ট্যান্ডার্ড নির্ধারণের তুলনায় অনেক বেশি লাভজনক।