নিরাপদ হোক গোদাগাড়ী সড়ক

একের পর এক দুর্ঘটনা, গোদাগাড়ী মহাসড়ক এখন উত্তরাঞ্চলের মানুষের কাছে এক আতঙ্কের নাম। মূলত রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ এই দুই জেলার যোগাযোগ রক্ষাকারী এই গোদাগাড়ী সড়ক। দুর্ঘটনা মোকাবিলায় সড়ক ও জনপদ বিভাগ এবং রাজশাহী জেলা পুলিশ ঐ নির্দিষ্ট এলাকাকে দুর্ঘটনাপ্রবণ চিহ্নিত করে সাইনবোর্ড লাগালেও দুর্ঘটনা রোধে কোনো ভূমিকাই রাখতে পারেনি। রাস্তার ত্রুটি মেরামতের পর আরো বিপজ্জনক হয়ে উঠেছে! একটু বৃষ্টি হলেই গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে যায়। আবার বেশি তাপমাত্রায় রাস্তায় পিচ গলে যায়, এতে গাড়ি নিয়ন্ত্রণে রাখা অনেকটাই কষ্টকর হয়ে পড়ে। ফলাফল দুর্ঘটনা, প্রাণহানি। তবে দুর্ঘটনার কারণ রাস্তার ত্রুটি নয়, বরং নিয়ম না মেনে অটো চালানো, রাস্তায় নানাবিধ ফসল শুকানো, ড্রাইভিংয়ে গাফিলতি, অদক্ষ চালক ইত্যাদিকে অনেকে দায়ী করেন। প্রশ্ন হচ্ছে, আর কত প্রাণ ঝরলে কর্তৃপক্ষের টনক নড়বে? রাস্তার ত্রুটি, গাড়ির ত্রুটি কিংবা অদক্ষ চালক—দুর্ঘটনার কারণ যা-ই হোক না কেন, চাই দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ। বিষয়টি নিয়ে ভেবে দেখতে সংশ্লি­ষ্ট কতৃর্পক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শাহিদা আরবী

শিক্ষার্থী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ঢাকা