নওগাঁয় ৫ কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় ৫ কোটি টাকা মূল্যের প্রাচীন পাল সাম্রাজ্যের (৭ম শতাব্দীর) প্রত্নতাত্ত্বিক নিদর্শন একটি কষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে র্যাব। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের ধন মুহাম্মদের বাড়ির উঠানের সামনে নির্মাণকাজের সময় খননকালে এই শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি দলের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার ওমর আলীর নেতৃত্বে সকালে অভিযান পরিচালনা করে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান, কষ্টি পাথরের দৈর্ঘ্য ৭৮ ইঞ্চি, ব্যাস ২৪ ইঞ্চি ও ওজন ১০৩ কেজি। যার মূল্য ৫ কোটি টাকা। তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘরে এই পাথর জমা দেওয়া হবে ।