পুলিশের ১৫ রাউন্ড ফাঁকা গুলি ও লাঠিচার্জ
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া গ্রামে নারীঘটিত বিষয়ে বিরোধের জের ধরে দুটি পাড়াবাসী কিশোর ও যুবকদের মধ্যে গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত হামলা পালটা হামলা ও দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এসআই সমর বড়ুয়াসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের সেনবাগ, বজরা ও সোনাইমুড়ির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধার নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১২ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ তিন জনকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
ওসি আবদুল বাতেন মৃধা গতকাল বিকালে ইত্তেফাককে জানান, উপজেলার ছাতারপাইয়া গ্রামের দক্ষিণ পাড়া ও মজুমদার পাড়ার আকাশ ও সোহাগ এক মেয়েকে ভালোবাসে। এ নিয়ে দুই যুবকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে এ দুই যুবক এবং তাদের সমর্থিতদের মধ্যে গতকাল সকাল ১০টার দিকে প্রথমে হাতাহাতি ও মারামারি হয়। এতে সোহাগ গুরুতর আহত হয়। যার জের ধরে পরবর্তীকালে তাদের দুই পাড়াবাসীর মধ্যে হামলা পালটা হামলা ও দফায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওসি জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।