সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
সিংগাইর থানা সদরে উপজেলা পরিষদের পূর্ব পাশে আজিমপুর এলাকায় গতকাল বুধবার দিনদুপুরে একটি ফ্ল্যাট বাড়ির দুই তলায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। ঐ ফ্ল্যাট বাড়ির মালিক হুমায়ুন কবির জানান, চোর পাশের বাসার দরজার ছিটকানি বাইরে থেকে লাগিয়ে কয়েকটি তালা ও স্টিলের আলমারি ভেঙে তার ঘর থেকে ২৩ ভরি স্বর্ণ ও নগদ ৫ লাখ টাকা লুট করে নেয়। এসময় তারা বাসায় তালা দিয়ে দেশের বাড়ি তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে গিয়েছিল। আর এ ফাঁকেই দুপুর ২টার দিকে এ চুরির ঘটনা ঘটে। থানা কৃষক লীগের সভাপতি মাহাবুবুর রহমান খোকন বলেন, একই কায়দায় এর আগে দিনদুপুর তাদের ফ্ল্যাট বাসায়ও চুরি হয়। এছাড়া আরো কয়েকটি বাসায় চুরি হলেও চোর ধরাছোঁয়ার বাইরে থাকছে। মাদকের অবাধ বিচরণের কারণেই সিংগাইরে ব্যাপকহারে চুরির উপদ্রব বেড়েছে বলে ভুক্তভোগীরা জানান। থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম মোল্লা বলেন, আমি এ থানায় নতুন এসেছি। ওসি তদন্তকে এটা দেখার দায়িত্ব দিয়েছি। দেখি কে চুরি করতে পারে। হয়তো ওদের আত্মীয়স্বজন চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। কারণ ঘরে এত স্বর্ণ আছে—এটা অন্য কারোর জানার কথা নয়।