নাটোরে প্রকৌশলীকে মারধরকারী স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

নাটোরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হানকে মারধরের অভিযোগে থানায় দায়ের করা মামলায় আটক নাটোর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর নাফিউল ইসলাম অন্তরকে গতকাল কারাগারে পাঠিয়েছে আদালত। অন্তর নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ঠিকাদার আমিরুল ইসলাম জাহানের ছেলে। এদিকে বুধবার দুপুরে অন্তরের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

নাটোরের একটি চাইনিজ রেস্টুরেন্টে শহরের ৭ নম্বর ওয়ার্ডের জনসাধারণের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাহী প্রকৌশলী আবু রায়হানকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে বলা হয়, স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর নাফিউল ইসলাম অন্তর প্রকৌশলীকে মারপিট করেননি। ঘুষ চেয়ে না পেয়ে উলটো প্রকৌশলী তার বাবার মুখে ফাইল ছুড়ে মারায় অন্তর প্রকৌশলীর সঙ্গে বির্তকে জড়ালে সেই তাকে ফাঁসিয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন নাটোর পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ নেতা মেহেদী হাসান শুভ। এ সময় এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রঞ্জু, এলাকাবাসী ইমতিয়াজ, ইয়ামিন ও সেলিম।

এর কিছু সময় আগে পুলিশ সুপার লিটন কুমার সাহা তার দপ্তরে আয়োজিত প্রেস বিফিংয়ে বলেন, ‘কর্তব্যরত অবস্থায় সরকারি কর্মকর্তার ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান, মারধর ও হত্যার হুমকির কথা উল্লেখ করে প্রকৌশলী আবু রায়হান মামলা করার সঙ্গে সঙ্গে পুলিশের ছয়টি টিম আসামিকে গ্রেফতারের জন্য মাঠে নামে। পরে শহরের বড়গাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা নাটোর থানার ওসি তদন্ত আব্দুল মতিন আসামি অন্তরকে আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন।’

এডিবির অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের অধীনে সিংড়া উপজেলার আত্রাই ও নাগর নদ থেকে সিংড়া পৌর এলাকাকে রক্ষা প্রকল্পের আওতায় অফিস ভবন ও পরিদর্শন বাংলো মেরামত কাজ পায় রংপুরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের পক্ষে কাজটি করছেন নাটোরের ঠিকাদার আমিরুল ইসলাম জাহান। এই কাজে শিডিউল মোতাবেক মানসম্মত টাইলস লাগাতে বললে ঠিকাদার তাতে অস্বীকৃতি জানান। সোমবার বিকাল সোয়া ৫টার দিকে এসব বিষয়ে কথা বলার সময় ঠিকাদারের ছেলে নাফিউল ইসলাম অন্তর উত্তেজিত হয়ে প্রকৌশলীকে গলা চেপে ধরে কিল-ঘুষি মারতে থাকেন। এতে তার ঠোঁট কেটে যায় এবং হাত, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে এমন অভিযোগে সোমবার রাতে নাটোর থানায় অন্তরের বিরুদ্ধে মারধর, সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন প্রকৌশলী আবু রায়হান।