বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইসরাইলি হামলায় ফিলিস্তিনিরা যখন বিপর্যস্ত, সমগ্র বিশ্ব যখন তাদের পাশে দাঁড়াচ্ছে, তখন বাংলাদেশ সরকার পাসপোর্ট থেকে ‘ইসরাইল ছাড়া সব দেশে ভ্রমণ করা যাবে’ লেখা বাদ দিয়েছে। এটা খুব একটা ভালো কাজ হয়নি।
গতকাল বুধবার ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের বারিধারার দূতাবাসে গিয়ে বিএনপির পক্ষ থেকে দেশটির যুদ্ধাহত জনগণের চিকিত্সায় ওষুধ ও চিকিত্সাসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ সময় মির্জা ফখরুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় বিএনপির মহাসচিব ছাড়াও দলের চেয়ারপারসনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ড. এনামুল হক চৌধুরী ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব বলেন, ফিলিস্তিনের জনগণের ওপর অন্যায় আক্রমণ করা হয়েছে এবং নারী-শিশুসহ ২০০ মানুষকে হত্যা করা হয়েছে। অসংখ্য মানুষকে আহত করা হয়েছে, তাদের বাড়িঘর, স্কুল, হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। আমরা ইতিমধ্যে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি দিয়েছি এবং ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি। ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছি। আজকে আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কিছু ওষুধপত্র ও চিকিত্সার কিছু সরঞ্জাম নিয়ে এসেছি যা সামান্য হলেও তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামে তাদের সাহায্য করবে। ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান এই সহযোগিতার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার আশু আরোগ্য কামনা করেন।