দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। যা গত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৮ মার্চ দেশে ১৬ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর তা বাড়তে বাড়তে এপ্রিলের মাঝামাঝি সময়ে ১০০ ছাড়িয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরো ১ হাজার ৪৯৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯৩ হাজার ৬৯৩ জনে। তাদের মধ্যে মোট ১২ হাজার ৪৫৮ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে এক দিনে আরো ১ হাজার ৫৬ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৩ হাজার ৮৬৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৮৬টি ল্যাবে ১৬ হাজার ৪৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৮ লাখ ৭১ হাজার ৩৫৩টি নমুনা। বুধবার নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৯ দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ লাখ ৯২ হাজার ১৪০টি; বেসরকারি ব্যবস্থাপনায় ১৫ লাখ ৭৯ হাজার ২১৩টি। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের ১০ জন পুরুষ আর নারী সাত জন। তাদের ১১ জন সরকারি হাসপাতালে, ছয় জন বেসরকারি হাসপাতালে মারা যান। তাদের মধ্যে ১১ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, চার জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, এক জনের বয়স ৪১ থেকে ৫০ বছর এবং এক জনের ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে পাঁচ জন ঢাকা বিভাগের, আট জন চট্টগ্রাম বিভাগের এবং এক জন করে খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। এ পর্যন্ত মৃত ১২ হাজার ৪৫৮ জনের মধ্যে ৯ হাজার পাঁচ জন পুরুষ এবং ৩ হাজার ৪৫৩ জন নারী।