সাতক্ষীরায় তত্কালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের আপিল হাইকোর্টে শুনানি করতে চায় রাষ্ট্রপক্ষ। ইতিমধ্যে হাবিবের আপিল শুনানির জন্য গ্রহণ করেছে সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আদালত। নিম্ন আদালতের এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য রেখেছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুল ইসলাম বলেন, ম্যাজিস্ট্রেট আদালতে সাত বছরের বেশি দণ্ড হওয়া ব্যক্তিদের আপিল জজ কোর্টে নয়, হাইকোর্টে শুনানি হবে। এ কারণে এই রিভিশন মামলা। তবে হাবিবের আইনজীবী এম মাহবুবউদ্দিন খোকন বলেন, ম্যাজিস্ট্রেট আদালতের যে কোনো সাজার রায়ের বিরুদ্ধে আপিল করা হলে তার শুনানি হবে জজকোর্টে।
প্রসঙ্গত, ধর্ষণের শিকার মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে যান তত্কালীন বিরোধীদলীয় নেতা, আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে সড়কপথে ঢাকায় ফেরার সময় কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে লক্ষ্য করে গুলি করা হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে আহত হন শেখ হাসিনার সফরসঙ্গী কেন্দ্রীয় আওয়ামী লীগের কয়েক জন নেতাসহ স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকেরা। ঐ ঘটনায় কলারোয়া থানায় মামলা দায়ের করতে গেলে তখন তা নেওয়া হয়নি। এক যুগ পর ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর সাতক্ষীরা আদালতে নালিশি মামলা করেন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন। আদালত অভিযোগ তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেয়। তদন্ত শেষে ২০১৫ সালের ১৭ মে বিএনপির তত্কালীন এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের বিরুদ্ধে পৃথক তিনটি অভিযোগপত্র দেয় পুলিশ।