রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দির এলাকার রাস্তা থেকে সুমাইয়া আক্তার (২৩) নামে এক তরুণীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ২টার দিকে ওয়ারী থানা পুলিশ তাকে উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন আরিফ জানান, খবর পেয়ে দুপুরে জয়কালী মন্দিরের পাশের রাস্তা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার স্টোমাক ওয়াশ করানো হয়। এরপর তাকে অবজারভেশনে রাখা হয়েছে।
তিনি আরো জানান, ঐ তরুণীকে চেতনানাশক কিছু খাইয়ে তার সঙ্গে থাকা টাকাপয়সা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে থাকা একটি ব্যাগে কিছু ফোন নাম্বার পাওয়া যায়। সেই নাম্বারের সূত্র ধরে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। তার বাড়ি নরসিংদী মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামে। তার কিছুটা মানসিক সমস্যাও ছিল বলে জানা গেছে। গ্রামে থেকে কিছুদিন আগে সে ঢাকার মৌচাকে তার এক খালার বাসায় বেড়াতে এসেছিল।