ভারতের আলোচিত যোগগুরু রামদেবের বিরুদ্ধে ১ হাজার কোটি রুপির মানহানি মামলা করার প্রস্তুতি নিচ্ছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর উত্তরাখণ্ড শাখা। করোনা ভাইরাসের (কোভিড-১৯) চিকিত্সায় অ্যালোপ্যাথি চিকিত্সা পদ্ধতি নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে এই পদক্ষেপ নিচ্ছে তারা।
রামদেবকে পাঠানো এক নোটিশে আইএমএ বলেছে, ভিডিওবার্তায় অ্যালোপ্যাথি চিকিত্সা নিয়ে রামদেবকে নিজের বিবৃতি ১৫ দিনের মধ্যে প্রত্যাহার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে তাকে ১ হাজার কোটি রুপি জরিমানা গুনতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইএমএ। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, শুধু নোটিশ দিয়েই ক্ষান্ত হয়নি আইএমএ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিংহ রাওয়াতকে রামদেবের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি।
সম্প্রতি এক ভিডিও বার্তায় রামদেব বলেলন, চিকিত্সা বা অক্সিজেন না পেয়ে যত মানুষ মারা গেছে তার চেয়ে বেশি মারা গেছে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে। তার মতে, অ্যালোপ্যাথি চিকিত্সা একটি দেউলিয়া হয়ে যাওয়া বিজ্ঞান। তার এই মন্তব্যের পর দেশ জুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। রামদেবকে চিঠি দিয়ে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছেন, আপনার (রামদেব) মন্তব্যে দেশবাসী আহত হয়েছে। দেশবাসীর কাছে চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীরা সৃষ্টিকর্তার সমান। তারা করোনার বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে লড়ছেন। আপনি শুধু করোনাযোদ্ধাদের অপমানিত করেননি, দেশের মানুষের অনুভূতিতেও আঘাত করেছেন। আশা করব, আপনি বক্তব্য প্রত্যাহার করার ব্যাপারে ভালোভাবে বিবেচনা করবেন।