ভারতে বিরল ব্ল্যাক ফাঙ্গাসে বা মিউকরমাইকোসিসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭১৭ জন। সবচেয়ে বেশি আক্রান্ত গুজরাট রাজ্যে। বুধবার এনডিটিভির খবরে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, গুজরাটে ২ হাজার ৮৫৯, মহারাষ্ট্রে ২ হাজার ৭৭০, অন্ধ্রপ্রদেশে ৭৬৮ জনের ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে। এছাড়া উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। তবে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ে এখনো ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়নি।
গত সপ্তাহে ভারতে করোনা থেকে সেরে ওঠাদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ বাড়তে থাকায় এটিকে মহামারি ঘোষণা করার নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনায় মৃত্যু যখন বাড়ছে, তখন এই বিরল রোগ ভারত সরকারকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
এদিকে সোমবার ভারতে প্রথম কোনো রোগীর মধ্যে ইয়েলো বা হলুদ ফাঙ্গাস সংক্রমণের খবর পাওয়া গেছে। চিকিত্সা পরিভাষায় যার নাম ‘মিউকর সেপটিকাস’। এই ফাঙ্গাস সাধারণত সরীসৃপদের মধ্যে পাওয়া যায়।