চাঁপাইনবাবগঞ্জে কঠোর লকডাউন

পাশের চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সতর্ক অবস্থায় রয়েছে নওগাঁর জেলা প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জে প্রশাসন সাত দিনের কঠোর লকডাউন ঘোষণার পর নওগাঁয় মঙ্গলবার গণবিজ্ঞপ্তি দিয়ে সতর্কাবস্থা জারি করা হয়।

জানা গেছে, নওগাঁর পোরশা, মান্দা ও নিয়ামতপুর উপজেলা থেকে চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার জন্য ছোট-অনেকগুলো সড়ক রয়েছে। এ ছাড়া দুটি হাইওয়ে সড়ক আছে। এসব সড়ক দিয়ে প্রতিদিন শতশত যানবাহন চলাচল করে। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এসব সড়কে দুই জেলার সীমানায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এলাকায় মাইকিং করা হচ্ছে। চেকপোস্টগুলোতে জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া অন্য কোনো রকম যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। এছাড়াও যেসব পণ্যবাহী যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে সেসব যানবাহনগুলোতে ভালোভাবে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে, স্যানিটাইজারের ব্যবহার ও মাস্ক পরিধান নিশ্চিত করা হচ্ছে।

নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া জানান, সংক্রমণ রোধে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জের হাইওয়ে সড়ক ছাড়াও ছোট যাতায়াতের যেসব সড়ক রয়েছে সেগুলোতে ইতিমধ্যেই পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। যাতে কেউ অকারণে যাতায়াত করতে না পারে।

নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ জানান, পার্শ্ববর্তী জেলা থেকে যাতে নওগাঁয় করোনা সংক্রমণ ছড়াতে না পারে এজন্য চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও স্থানীয় হাটবাজার ও গণপরিবহনে সামাজিক দূরত্ব, শতভাগ মাস্ক ব্যবহার ও অন্যান্য বিধিনিষেধ কার্যকরে আরো বেশি নজরদারির কথা বলা হয়েছে।

নওগাঁ সিভিল সার্জন এ বি এম আবু হানিফ জানান, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ করোনা রোগীর সংখ্যা নওগাঁর চেয়ে তুলনামূলক-ভাবে অনেক বেশি। আগামী সাত দিন যথাযথভাবে সতর্ক অবস্থায় থাকা গেলে সংক্রমণ রোধ সম্ভব হবে।

ইত্তেফাক/এএইচপি