বকেয়া বিদ্যুৎ বিলের তথ্য প্রতারকদের হাতে!

একটি প্রতারক চক্র জোনাল অফিসের লোক পরিচয়ে বাড়ি বাড়ি গিয়ে আড়াইহাজারের গোপালদী এলাকার পল্লী বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে বকেয়া বিল বাবদ হাতিয়ে নিয়েছে টাকা। প্রতারক চক্র বিলের টাকা নিয়ে যাওয়ার এক সপ্তাহ পর বিদ্যুৎ অফিসের লোকজন গ্রাহকদের নোটিশ করার সময় এই অভিনব ও পরিকল্পিত প্রতারণার ঘটনা ফাঁস হয়।

কড়ইতলার আলেক ফকিরের ছেলে আব্দুল কাদির ফকির জানান, পল্লী বিদ্যুৎ গোপালদী জোনাল অফিসের আওতাধীন তিনি একজন গ্রাহক। তার মিটার নম্বর ৫২৪২৭। পাঁচ মাসের বকেয়া বিদ্যুৎ বিল বাবদ প্রতারকরা তার কাছ থেকে ২ হাজার ১৯২ টাকা নিয়ে গেছে।

তিনি বলেন, তার মতো অনেক গ্রাহক প্রতারণার শিকার হয়েছে। তার প্রশ্ন, পল্লী বিদ্যুতের বিলের তথ্য প্রতারক চক্রের কাছে গেল কীভাবে। তার ধারণা অফিসের বিল সেকশন বা মিটার রিডারদের সঙ্গে প্রতারক চক্রের যোগসাজশ থাকতে পারে। বিষয়টি জোরালো তদন্ত হওয়া জরুরি।

গোপালদী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. আসাদোজ্জামান জানান, এই রকম ৪/৫ টি ঘটনা ঘটেছে। প্রতারণা থেকে রক্ষা পেতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছি । এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য সতর্ক রয়েছি।

ইত্তেফাক/বিএএফ