রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার বিজ্ঞান) সাদেকুল ইসলাম পিটুর বিরুদ্ধে বুধবার আবারও শোকজ নোটিশ পাঠিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ঐ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় শোকজের উপযুক্ত জবাব দিতে না পারায় তাকে দ্বিতীয় বার শোকজ নোটিশ পাঠানো হলো।
গত ১ মে বিভিন্ন আইডি ও লাইক পেজে ভিডিওটি ভাইরাল হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশের পর ঐ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে কেউ লিখিতভাবে অভিযোগ করেননি। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে তাকে শোকজ করা হয়েছিল। তার প্রথম শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় মঙ্গলবার তাকে আবারও শোকজ করার সিদ্ধান্ত হয় এবং সে অনুযায়ী বুধবার তাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম হোসেন গোল্লা বলেন, সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি জানার পর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মিটিংয়ের পর অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তার দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে আবারও সাত দিন সময় দিয়ে নোটিশ পাঠানো হয়েছে। তার জবাবের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ইত্তেফাক/বিএএফ