অস্ট্রেলিয়ার দ্বিতীয় জনবহুল রাজ্য ভিক্টোরিয়া রাজধানী মেলবোর্নে করোনা ভাইরাসের অতি সংক্রামক একটি ধরনের প্রাদুর্ভাব মোকাবিলায় সাত দিনের লকডাউন জারি করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে সেখানে লকডাউন শুরু হয়েছে।
অস্ট্রেলীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত ২৬ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসটির অতি সংক্রামক একটি ধরনের উপস্থিতি পেয়েছে কর্তৃপক্ষ; লোকজন ভাইরাসটির সংস্পর্শে আসতে পারে এমন দেড়শটি স্থানও চিহ্নিত করেছে তারা। নতুন এ প্রাদুর্ভাব নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ অনেককে কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কথাও মনে করিয়ে দিচ্ছে, যা গত বছর রাজ্যটিকে কাঁপিয়ে দিয়েছিল। ভিক্টোরিয়ার ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী জেমস মেরলিনো বলেছেন, নতুন প্রাদুর্ভাবের সঙ্গে অতি সংক্রামক বি.১.৬১৭ ধরনটি সম্পর্ক আছে, বিদেশফেরত এক জনের দেহে এটি শনাক্ত হয়েছিল।
রাজ্যে এখন যাদের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে, তাদের সঙ্গে অনেকগুলো জায়গার সংযোগ মিলেছে। এসব স্থানের মধ্যে মেলবোর্নের ভিড়ঠাসা ফুটবল স্টেডিয়ামগুলোও আছে। মেরলিনো বলেছেন, ‘শনাক্ত রোগীদের সংস্পর্শে আসা এবং পরে তাদেরও সংস্পর্শে আসা এমন ১০ হাজার ব্যক্তি, আক্রান্ত হয়ে থাকতে পারেন এমন ১৫০-এর বেশি স্থান ভিক্টোরিয়া রাজ্য জুড়ে আছে। আমাদের এখনি ব্যবস্থা নিতে হবে। আমরা যদি বেশি দেরি করি, তাহলে এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’
লকডাউনের কারণে ভিক্টোরিয়া রাজ্যের বাসিন্দারা আগামী সাত দিন জরুরি প্রয়োজনীয় কাজ, নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা, শরীরচর্চা, কেয়ারগিভিং বা করোনা ভাইরাস টিকা নেওয়ার জন্য ছাড়া বাড়ির বাইরে বের হতে পারবেন না বলে এক নির্দেশনায় জানানো হয়েছে। সব ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে; যারা বাইরে বের হবেন, তাদের চলাফেরাও বাড়ির আশপাশে সর্বোচ্চ পাঁচ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক। জরুরি কর্মীদের সন্তানরা ছাড়া আর সবার স্কুল এবং উপাসনালয় ও অতি জরুরি নয়, এমন সব ভেন্যু বন্ধ থাকবে।