নির্মাণের বছর না পেরোতেই ভেঙে পড়ল ব্রিজ!

গফরগাঁওয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে নির্মিত একটি ব্রিজ নির্মাণের এক বছর না পেরোতেই ভেঙে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চরআলগী ইউনিয়নের বোরাখালী গ্রামে পুরাতন ব্রহ্মপুত্রের ছোট শাখা নদের ওপর নির্মিত এ ব্রিজটি ভেঙে পড়ে।

জানা যায়, উপজেলার চরআলগী ইউনিয়নের নয়াপাড়া ও কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার হাজিপুর বাজার সড়কে পুরাতন ব্রহ্মপুত্রের একটি ছোট নদের ওপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এই ব্রিজটি নির্মাণ করে। তাদের ‘গ্রামীণ রাস্তায় কম-বেশি ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু বা কালভার্ট নির্মাণ’ প্রকল্পের আওতায় ২০১৮/২০১৯ অর্থবছরের প্রায় ৪২ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ব্রিজটি নির্মাণ কাজের তদারকি করে। সরজমিনে গিয়ে দেখা যায়, মাঝের পিলার দেবে ভেঙে পড়েছে ব্রিজ। পারাপারের আশায় দুইপারে জড়ো হয়েছে শতাধিক মানুষ। এক বছর আগে নির্মান হলেও ব্রিজটিতে নেই কোনো নামফলকও।

গফরগাঁও উপজেলার বোরখালী গ্রামের আবদুর রাজ্জাক ও হোসেনপুর উপজেলার হটরআলগী গ্রামের আবদুল খালেকসহ একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, ব্রিজটি নির্মাণকাজের সময় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়। শিডিউল মোতাবেকও  কাজ করা হয়নি। তারা বলেন, আমরা কর্মকর্তাদের কাছে এ ব্যাপারে একাধিকবার নালিশ করেছিলাম। নিম্নমানের কাজ হওয়ায় এক বছরের মাথায় ব্রিজটি ভেঙে পড়েছে। এ ব্যাপারে জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।