ফরিদপুরে বৃহস্পতিবার সকালে ১ মিনিটের ঘূর্ণিঝড়ে নগরকান্দা ও সালথা উপজেলায় চারটি গ্রামের প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেঙে উপড়ে পড়েছে শতশত গাছপালা। নষ্ট হয়ে গেছে কয়েক একর জমির পাটসহ অন্যান্য ফসল। তবে এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়ার খবর পেয়ে দুই উপজেলার প্রশাসন ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ-পশ্চিম থেকে ধেয়ে আসা এক মিনিটের ঘূর্ণিঝড়ে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের গহেরপুর ও বিবিরকান্দী এবং সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রাহুতপাড়া ও মেহেরদিয়া গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এ সময় শতশত গাছপালা উপড়ে পড়ে। ঘূর্ণিঝড়ের খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার, জেলা পরিষদ সদস্য মো. কামাল হোসেন মিয়া ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ ও ইকবাল কবির। এ সময় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে তাত্ক্ষণিকভাবে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ত্রাণ বিতরণসহ তাদের সব প্রকারের সহযোগিতা করা হবে।