লোকালয়ে এসেও বাঁচতে পারল না হরিণটি!

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় পাথরঘাটার হরিণঘাটা বনাঞ্চল থেকে সাঁতরে তীরে আসার পরও বাঁচতে পারল না একটি মাদি হরিণ। কুকুরের আক্রমণে প্রাণ হারাতে হলো। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চরলাঠিমারা গ্রামে এ ঘটনা ঘটে। হরিণঘাটা বিট কর্মকর্তা মো. গোলাম কাওসার জানান, সন্ধ্যায় হরিণঘাটা বনাঞ্চল থেকে জলোচ্ছ্বাস থেকে বাঁচতে বলেশ্বর সংযোগ খাল দিয়ে সাঁতার কেটে একটি হরিণ পশ্চিম চরলাঠিমারা গ্রামে প্রবেশ করে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হরিণটি উদ্ধার করার আগেই দুটি কুকুরের আক্রমণে গুরুতর আহত হয়। হরিণের পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে আসে। মুখ থেঁতলে যায়। পাথরঘাটা উপজেলা পশু সম্প্রসারণ অধিদপ্তর হাসপাতালে নেওয়ার আগেই হরিণটি মারা যায়। পরে ময়নাতদন্ত শেষে চামড়া ছাড়িয়ে ট্যানারির জন্য রাখা হয় এবং হরিণটিকে মাটিচাপা দেওয়া হয়। পাথরঘাটা উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা অরিবিন্দ দাস জানান, হরিণটির শরীরের বিভিন্ন স্থানে কামড়ের চিহ্ন রয়েছে। গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় হরিণটি মারা যায়।