কালাই উপজেলার পুনট কোল্ড স্টোরের সামনে থেকে দুই লাখ টাকার জাল নোটসহ প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে জয়পুরহাট র্যাব। বৃহস্পতিবার ভোর রাতে তাদের আটক করা হয়েছে। র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান, পুনট কোল্ড স্টোরের সামনে জাল টাকা ক্রয়-বিক্রয় করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখান থেকে জালনোট চক্রের চারজনকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে ২ লাখ টাকার জাল নোট ও জাল টাকা বিক্রির নগদ ৪ হাজার ৫০ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে কালাই থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পর বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।