ছাত্রলীগ, ঢাকা জেলা উত্তরের আওতায় ধামরাই শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে কমিটির যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল রুবেলকে বহিষ্কারের জন্য সংগঠনের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে। ছাত্রলীগ, ঢাকা জেলা উত্তরের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। গত ২৩ মে উপজেলা ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল রুবেলের পিটুনিতে আহত হন সভাপতি প্রার্থী জামিল হোসেন। তার জেরে ধামরাই ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ২৫ মে রুবেলের বিরুদ্ধে ঝাড়ুমিছিল ও মানববন্ধন করেন। ২৬ মে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।