করোনাকালে গত দেড় বছরে নারী-পুরুষের বৈষম্যকে আরো বাড়িয়ে দিয়েছে। এটি বিগত সময়ের অর্জনকে ম্লান করে দিয়েছে। কোভিড মহামারিতে কীভাবে নারীর জীবন প্রভাবিত হয়েছে তা সুস্পষ্ট। চলমান প্রতিকূল পরিস্থিতিতে নারীর অবস্থার উন্নয়নের জন্য এবং উন্নয়ন লক্ষ্যমাত্রাকে ধরে রাখতে বাজেটে বিশেষভাবে সরকারের মনোযোগ দেওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা।
সানেমের ২০২০-২০২১ সালের জরিপের ফল অনুসারে শ্রমবাজার, স্বাস্থ্য, শিক্ষায়, জেন্ডারভিক্তিক সহিংসতায় নারীদের অবস্থান বিশ্লেষণ করে দেখা গেছে, শ্রমবাজারে নারীরা বেশি কাজ হারিয়েছে। নারীর অংশগ্রহণ ছিল ৩৬ শতাংশ, পুরুষের ছিল ৮০ শতাংশ। ব্র্যাক ও মানুষের জন্য ফাউন্ডেশন পরিচালিত জরিপে একই চিত্র দেখা গেছে। আয়-ব্যয়ে নারী প্রধান পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। শিক্ষায় ঝরে পড়ার বিষয়টি উপেক্ষা করা যায় না। অনলাইন ক্লাস ইতিবাচক হয়েছে তা বলা যাবে না। স্বাস্থ্যে অতিরিক্ত খরচ নারীদের বেলায় বেশি হয়েছে। জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণে নারী ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণে নেতিবাচক দিক লক্ষ্য করা যায়। নারীর প্রতি সহিংসতা ঘরে-বাইরে বৃদ্ধি পেয়েছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, নারী-পুরুষের মধ্যে থাকা বৈষম্যকে আরো প্রকট করেছে কোভিড মহামারির অভিঘাত। জেন্ডার বাজেটের মাধ্যমে নারীদের উন্নয়নে গৃহীত ক্ষেত্রগুলোতে যেমন নারীর শ্রমবাজারে অংশগ্রহণ, শিক্ষা, স্বাস্থ্যে, সহিংসতা প্রতিরোধে উন্নতি তেমন হয়নি। অর্জন যতটুকু হয়েছে তা হারিয়ে ফেলার আশঙ্কা আছে। নতুন দরিদ্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আড়াই থেকে ৩ কোটি। তারা বলেন, প্রকৃত রাজনৈতিক উন্নয়ন করতে হলে স্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সিডও, জাতীয় উন্নয়ন নীতির বাস্তবায়নের প্রতিফলন জেন্ডার বাজেটে থাকতে হবে।
অর্থনীতিবিদ ও সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক ড. আতিউর রহমান বলেন, গত বছর কোভিড মহামারির মধ্যে বাজেট তৈরি করার কারণে নারীর ইস্যুগুলোর দিকে মনোযোগ দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। এ বছর সুযোগ এসেছে জেন্ডারভিত্তিক বৈষম্যের জায়গাগুলোতে দৃষ্টি দেওয়া এবং গতানুগতিকতার বাইরে গিয়ে অগ্রাধিকার পাওয়ার যোগ্য খাতগুলোতে বাজেট বরাদ্দ করা। বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ বলেন, অভিবাসী যেসব নারী করোনার কারণে দেশে ফেরত এসেছেন তাদের কোনো আর্থিক বা আইনি সহায়তা লাগলে বাজেটে তার জন্য বরাদ্দ রাখতে হবে। ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য ইতিমধ্যে ঘোষিত প্রণোদনা প্যাকেজ যেন তারা সঠিকভাবে এবং যথাসময়ে পায় তা নিশ্চিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, মহামারিতে নারীরা ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি। কোভিড থেকে স্বাভাবিক জীবনে ফিরতে বেশকিছু সুপারিশ তুলে ধরেন তিনি।