২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রকাশিত ফল ত্রুটিপূর্ণ উল্লেখ করে দায়েরকৃত রিট আবেদন পর্যবেক্ষণ সহকারে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালত আদেশে বলেছে, পর্যবেক্ষণসহ রিট খারিজ করা হলো। তবে কোনো পরীক্ষার্থীর ফল বিষয়ে অভিযোগ থাকলে তা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করবেন। সেক্ষেত্রে সাত দিনের মধ্যে কর্তৃপক্ষ বিষয়টি নিষ্পত্তি করে সংশ্লিষ্ট প্রার্থীকে জানাবে। আর তথ্য গোপন করে কোনো প্রার্থী ভর্তিপ্রক্রিয়ার অংশ নিয়ে থাকলে এবং তা চিহ্নিত হলে তাদের ভর্তি তাত্ক্ষণিক বাতিল হবে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। গত ১৯ মে মেডিক্যাল ভর্তিচ্ছু ফেরদাউস জাহান মারিয়াসহ ৩২৪ পরীক্ষার্থীর পক্ষে এ রিট দায়ের করেন আইনজীবী হুমায়ন কবির পল্লব। আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। রিট আবেদনে বলা হয়, চলতি শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রকাশিত ফল ত্রুটিপূর্ণ। এতে বড় ধরনের অসঙ্গতি রয়েছে। বিষয়টি বিবেচনার দাবি রাখে। রিটে প্রকাশিত ফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম স্থগিত এবং ফল পুনঃনিরীক্ষণ করে নতুন মেধা তালিকা প্রণয়নের জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়।