শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

পদ্মা উত্তাল থাকার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল গতকাল বৃহস্পতিবার বেলা ২টা এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। আটকা পড়েছে পণ্যবাহী ট্রাকসহ বহু যান।

এদিকে গত কয়েক দিনের প্রচণ্ড ঢেউয়ে চারটি ফেরি ঘাটই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢেউয়ের আঘাতে এরই মধ্য শিমুলিয়ার ২ নম্বর ফেরিঘাটের পন্টুন ভেঙে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এর পর আবার পানি বেড়ে সংযোগসড়কও জলমগ্ন।  অন্য তিন ঘাটের সংযোগসড়কে পানি উঠে নাজুক অবস্থা। ঢেউয়ের তোড়ে হুমকির মুখে থাকা ঘাট রক্ষায় ফেলা হচ্ছে বালুর বস্তা। এমন পরিস্থিতিতে ফেরি ও লঞ্চসহ সব নৌযান বন্ধ। পারাপারের অপেক্ষায় শত শত যান ও কয়েক হাজার মানুষ। ঘাট মেরামত শুরু করা যাচ্ছে না উল্লেখ করে বিআইডব্লিউটিসির ম্যানেজার আহাম্মদ আলী বলেন, পদ্মায় অস্বাভাবিক ঢেউ। পরিস্থিতি অনুকূল হলে ফেরি চলবে।