সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকার দেয়ালে মৃত্যুবার্ষিকীর পোস্টার সাঁটায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। নেতা-কর্মীরা পোস্টার সাঁটিয়ে চলে যাওয়ার পর টিএসসি এলাকায় উপস্থিত থাকা ছাত্রলীগের নেতা-কর্মীরা সে পোস্টার ছিড়ে ফেলে। বৃহস্পতিবার (২৭ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে তিনটা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা টিএসসি এলাকায় জড়ো হয়ে পোস্টার সাঁটায়। এসময় ছাত্রলীগের ২০ থেকে ৩০ জন নেতা-কর্মী টিএসসির চা দোকানগুলোর সামনে অবস্থান নেয়। ছাত্রদলের নেতা-কর্মীরা পোস্টার সাঁটিয়ে চলে যাওয়ার পর বিকেল সোয়া চারটার দিকে সে পোস্টার ছিড়ে ফেলে অবস্থান নেয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা। দূর থেকে এ দৃশ্য দেখতে পেয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতা-কর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ঢাকা ইউনিভার্মিটি স্ন্যাক্স (ডাস) এলাকা ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় পোস্টার ছিড়েন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ইবনুল এম হাসান উচ্ছ্বল, বিজয় একাত্তর হল ছাত্রলীগের সহসভাপতি রবিউল হাসান রানা, স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ সাজু, এফ এইচ হল ছাত্রলীগের দপ্তর সম্পাদক এনায়েত এম হাসান, লেদার ইনস্টিটিউট ছাত্রলীগের শহীদুল শাকিল, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের কর্মী নাবিল হায়দার, জহুরুল হক ছাত্রলীগের কর্মী আসাদুজ্জামান ফরিদ।
ঘটনার বিষয়ে যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন বলেন, আমরা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টিএসসি এলাকায় পোষ্টার সাঁটিয়েছিলাম। টিএসসি থেকে বের হওয়ার পরপরই তারা আমাদের সাঁটানো পোষ্টার ছিড়ে ফেলে।
তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, বাংলাদেশে যে গণতন্ত্র নেই, ফ্যাসিবাদী সরকার তাদের ক্ষমতা কায়েম করেছেন। এই পোস্টার ছিড়ে ফেলাই তার উদাহরণ। তারা জিয়াউর রহমানের আদর্শকে বিসর্জন দিতে চায়। ভিসি-প্রক্টর যদি একটিমাত্র সংগঠনকে ক্যাম্পাসে রাখবে বলে মনে করে তবে তা অধ্যাদেশে সংযোজন করতে হবে। নাইলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে হবে।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আমানুল্লাহ সঞ্চালনায় যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম খান অনিক, শরীফ প্রধান শরিফ, জহির রায়হান, আবু সুফিয়ান, শাহজাহান শাওন, মুস্তাফিজুর রহমান রুবেল, শাফি ইসলাম, এ আর খান লিটন, সদস্য মানুসরা, কানেতা ইয়া লাম-লাম, ইমাম আল নাসের মিশুক প্রমুখ।
ইত্তেফাক/এসজেড