বাংলাদেশের মিশন ৩-০

অনুশীলনে খুঁজে পাওয়া গেল না মোহাম্মদ সাইফউদ্দিনকে। নেটে ব্যাটিং-বোলিংয়ে অনুপস্থিত এ পেস বোলিং অলরাউন্ডার। পরে জানা গেল, ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে সাইফউদ্দিনকে। দল সূত্র জানায়, সিরিজের তৃতীয় ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। দ্বিতীয় ম্যাচে তার হেলমেটে বল লাগার পর সাইফউদ্দিনের জায়গায় কনকাশন-সাব হয়ে খেলেছিলেন তাসকিন আহমেদ।

সাইফউদ্দিন অনুশীলন না করলেও এক ম্যাচ আগেই সিরিজ জেতা বাংলাদেশ দল গতকাল অনুশীলনেও বেশ নির্ভার ছিল। মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য বলেছেন, ২০২৩ বিশ্বকাপ কোয়ালিফিকেশন এবং ওডিআই সুপার লিগের ম্যাচ বিবেচনায় লঙ্কানদের কোনো ছাড় দেবে না বাংলাদেশ। সিরিজ থেকে পূর্ণ ৩০ পয়েন্টই পেতে মুখিয়ে টাইগাররা।

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করাই বাংলাদেশের মূল টার্গেট। মাহমুদউল্লাহর মতে, দুই ম্যাচ জিতলেও সিরিজে এখনো ব্যাটিংয়ে নিজেদের সেরাটা খেলতে পারেনি স্বাগতিকরা। শেষ ম্যাচে ব্যাটিংয়ের সেরা রূপ প্রদর্শনের আশায় আছেন তিনি।

ওয়ানডেতে ১৪টি সিরিজে প্রতিপক্ষকে সব ম্যাচে হারিয়েছে তথা হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ১৫তম হোয়াইটওয়াশেই চোখ রাখছে তামিম বাহিনী। আজ মিরপুর স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। দিবারাত্রির ম্যাচ শুরু হবে দুপুর ১টায়।

লঙ্কানদের বিরুদ্ধে ওয়ানডে জয়ের সংখ্যাটা দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারে আজ। গতকাল মাহমুদউল্লাহ বলেছেন, ‘তিন শূন্য অবশ্যই টার্গেট।’

আট ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে সুপার লিগের শীর্ষে আছে বাংলাদেশ। শেষ ম্যাচেও ১০ পয়েন্ট হারাতে চায় না টাইগাররা। গতকাল অনুশীলনের পর মাহমুদউল্লাহ বলেছেন, ‘অবশ্যই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। যেহেতু বিশ্বকাপে কোয়ালিফাইংয়ের একটা বিষয় থাকে তো প্রতিটি ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ এবং যেহেতু আরেকটা সুযোগ আছে ১০ পয়েন্ট পাওয়ার তো কেন নয়? ম্যাচটা জিতে ১০টা পয়েন্ট নেয়ার চেষ্ট করব।’

টানা দুই ম্যাচ জিতলেও ব্যাটিংয়ে সংগ্রাম করেছে বাংলাদেশ। লিটন দাসদের ব্যর্থতার সময়ে সিনিয়ররাই টেনেছেন দলকে। ব্যাটিংয়ে আজ নিজেদের সামর্থ্যের সেরাটাই দেখাতে চান মাহমুদউল্লাহ। গতকাল তিনি বলেছেন, ‘আমার মনে হয় সব মিলিয়ে ব্যাটিং-বোলিং হোক আমরা সেরা ক্রিকেটটা এখনো খেলতে পারিনি। তো এটা আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে। তো আমি আশা করি ইনশাল্লাহ আমাদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব।’

সিরিজে সেরা ছন্দে নেই সাকিব। তবে সতীর্থের ফর্ম নিয়ে চিন্তিত নন মাহমুদউল্লাহ। গতকাল বলেছেন, ‘সাকিব নিয়ে বলার কিছু নাই। ও নিজের খেলাটা জানে। ও জানে কখন কী করা প্রয়োজন। একটা ছেলে ১০-১২ বছর ধরে নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়ে আছে এটা কোন দুষ্টুমি না। ও জানে ওর ব্যাটিং কখন করা প্রয়োজন, কখন কতটুকু ব্যাটিং করলে ওর জন্য ভালো হবে। হয়তো বা প্রথম ম্যাচে ভালো একটা শুরু পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারেনি। কিন্তু আমি খুবই নিশ্চিত যে কালকের (আজ) ম্যাচে ভালো ইনিংস খেলবে।’