প্রিমিয়ার লিগে করোনা আক্রান্ত ৯ জন

আগামী ৩১ মে শুরু হতে চলা বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ উপলক্ষ্যে করোনা ভাইরাসের পরীক্ষা হচ্ছে ক্রিকেটার, কোচ, ক্লাব কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের। গত বুধবার নমুনা নেওয়া হয়েছিল ২৬৯ জনের। যার মধ্যে ৯ জন করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছেন। এখানে সাত জন ক্রিকেটার ও দুই জন কর্মকর্তা। আক্রান্ত সবাইকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

গতকাল বিসিবি সূত্রে বিষয়টি জানা গেছে। সূত্র জানায়, ‘আমরা যতদূর জানি ৯ জন করোনা পজিটিভ হয়েছেন। প্রথম বার পরীক্ষা হয়েছে। আগামীকাল (আজ) দ্বিতীয় বার পরীক্ষা হবে। ১২টি ক্লাবই এবার জৈব সুরক্ষা বলয়ে থাকবে।’

এদিকে গতকাল প্রিমিয়ার লিগের ১২টি ক্লাবের প্রতিনিধিদের নিয়ে মিটিং করেছে সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস)। মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত মিটিংয়ে ক্লাব কর্মকর্তাদের করোনাকালে এই লিগে করণীয় সম্পর্কে অবহিত করা হয়েছে। সুরক্ষা বলয়, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে সবাইকে।

টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে প্রিমিয়ার লিগ। প্রতিদিন হবে ছয়টি ম্যাচ। জাতীয় দলের ক্রিকেটাররা সবাই খেলবেন লিগে। জমজমাট লিগের আশা করছে সিসিডিএম।