প্রায় দুই বছর ধরে গানের জগত্ থেকে দূরে রয়েছেন কণ্ঠশিল্পী রিংকু। গতবছর পরপর দুই বার স্টোক করে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে গান থেকে দূরে সরে যান এই জনপ্রিয় শিল্পী। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। সুস্থ হয়ে আবারো গানের মাঝে ফিরতে চান তিনি। নিজের অসুস্থতা ও গানে ফেরা নিয়ে রিংকু বলেন, ‘আমি প্রায় দুই বছর ধরে অসুস্থ। গতবছর দু-বার স্ট্রোক করেছি। শারীরিকভাবে খুব একটা ভালো নেই। কয়েকদিন পুরোপুরি বিছানায় ছিলাম। এখন কিছুটা সুস্থ আছি। কোনোমতে হাঁটাচলা করতে পারছি। দুই মাস ধরে নওগাঁয় আছি। আশায় আছি আর কয়েকমাস পর ঢাকায় ফিরতে পারবো। নিয়ম করে সবকিছু করছি। গানে ফিরতে খুব ইচ্ছা করে।’
উল্লেখ্য, ২০০৫ সালে ক্লোজআপ ওয়ান গানের প্রতিযোগিতার মাধ্যমে সংগীত জগতে প্রবেশ করেন রিংকু। সেই প্রতিযোগিতায় সেরা পাঁচে থাকা রিংকু লোকগান ও বাউলগান গেয়ে আলোচনায় এসেছিলেন। প্রতিযোগিতায় লালন শাহ’র ‘এসব দেখি কানার হাট-বাজার’ গান গেয়ে রিংকু মুগ্ধ করে রেখেছিলেন দর্শক-শ্রোতাদের। প্রতিযোগিতা থেকে বেরিয়ে ধীরে ধীরে তিনি ‘পাগলা ঘণ্টা’, ‘বাউল মন’, ও ‘জগত্ বন্ধু’ নামের অডিও অ্যালবাম দিয়ে শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হন। ‘বাউল মন’ অ্যালবামের ‘নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন’ গানটি শ্রোতাদের আকৃষ্ট করে। এরপর গানের মধ্যেই কাটতে থাকে রাতদিন। লালনের ১০০ গানের পাশাপাশি লোকগান সংগ্রহ করে কাজ করতে গিয়ে ব্যস্ত সময় কাটান তিনি।