কাঁচা সড়কটি সংস্কারের উদ্যোগ নেই কেন?

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের একটি ছোট্ট গ্রাম নাববিলা। যাতায়াতের জন্য এখানে রয়েছে একটিমাত্র কাঁচা রাস্তা, যেখানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় না আসায় ১৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি কাঁচাই রয়ে গেছে। একটু বৃষ্টি হলেই রাস্তায় কাদা-পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই সড়কের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামের মানুষকে।

একটি আধুনিক গ্রাম গড়ে তোলার অন্যতম ধাপ হলো আধুনিক যোগাযোগব্যবস্থা। অথচ গ্রামটিতে নেই পাকা সড়ক। মাটির উঁচু-নিচু সড়ক দিয়ে মালবাহী কোনো গাড়ি চলাচল করতে পারে না। কৃষকেরা কৃষিপণ্য সরবরাহ করতে পারেন না। সামনেই বর্ষা মৌসুম। প্রতি বছর বর্ষায় রাস্তাটি পানিতে তলিয়ে যায়। গ্রামবাসী এর প্রতিকার চেয়ে জনপ্রতিনিধি ও সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত ও মৌখিক আবেদন করেও কোনো সাড়া পাননি। কাঁচা সড়কটি পাকা করার দাবি তাদের। শীঘ্রই সড়ক সমস্যা সমাধানে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ইমন ইসলাম

নাববিলা, শাহজাদপুর, সিরাজগঞ্জ