যেহেতু স্বাভাবিক অবস্থায় পরস্পরের মধ্যে অবস্থানকালে দূরত্বে থাকা গুরুত্ব পায় না, সেহেতু সংক্রামক করোনাভাইরাসের ভয়াল থাবায় মানবিক বিপর্যয়ের হাত থেকে দেশবাসীকে সুরক্ষায় লকডাউন অত্যন্ত যৌক্তিক এবং যথার্থ পদক্ষেপই। কিন্তু আক্ষরিক অর্থে লকডাউন থাকলেও, কাজের কাজ কিছুই হচ্ছে না। কেননা মানুষকে কোনোভাবেই থামিয়ে রাখা হচ্ছে না। যে যেখানে অবস্থান করছে, তাকে সেখানে থমকে রাখার প্রয়োজনীয় ‘উপযোগিতা সৃষ্টি’ না করে লকডাউনের ভারী বোঝা মানুষের মাথায় তুলে দেওয়াটা চরম অবিচার ছাড়া কিছুই নয়। মানুষকে ঘরে রাখতে হলে, তার প্রয়োজনীয় উপকরণগুলো যথাসময়ে তার কাছে পৌঁছুনোর নিশ্চয়তা থাকতে হবে সর্বাগ্রে। অন্যথায় কোনোরকমের বিধিনিষেধ তাকে থামিয়ে রাখতে পারার কথা নয়। দেশের লকডাউনগুলোতে হয়েছেও তাই। সরকার গণপরিবহন বন্ধ করে দিয়েছে, কিন্তু মানুষ কোনো না কোনো ভাবে তার গন্তব্যে পৌঁছে যাচ্ছে। রাস্তায় নেমে গাড়িগুলো না মানছে কোনো স্বাস্থ্যবিধি, না নিচ্ছে স্বাভাবিক ভাড়া।
করোনাভাইরাসের যে গতিপ্রকৃতি তাতে লকডাউনের খড়্গ না ঝুলিয়ে সর্বস্তরে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর হওয়া উচিত।
মোহাম্মদ ইব্রাহীম খলীলুল্লাহ
বারইয়ারহাট, মীরসরাই, চট্টগ্রাম ৪৩২৬